| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানে আবারও গুলিতে যুবদল কর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৩:৪৬:২৭:পূর্বাহ্ন  |  ১৪৩৪ বার পঠিত
রাউজানে আবারও গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির উদ্দিন (৪৬) কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত দুদু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নাছির উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। গুলিতে তার পেটে আঘাত লাগে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসাইন জানান, নাছির উদ্দিনের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি পেটে বিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা হাফেজ আবুল হাসেম বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, নাছির উদ্দিন দলের একজন নিবেদিত ও সক্রিয় কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, এলাকায় ধারাবাহিক সহিংসতা উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা নিতে হবে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখনো হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউছার উর জামান বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ৫ জানুয়ারি একই এলাকায় যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়।

ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে রাউজান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সহিংসতা নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪