জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুকি বেগম (৬৫) স্বামী- মৃত গনি মন্ডল, তার মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফাতেমা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আকস্মিক ঝড় শুরু হলে প্রবল দমকা হাওয়ায় বাড়ির পাশে থাকা একটি বড় গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে, তবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, ঝড়টি খুবই আকস্মিক ছিল এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়, ফলে কেউ সেভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।