| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৩:৪৩:১৫:অপরাহ্ন  |  ১২১২ বার পঠিত
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুট্টা কর্তন ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। তবে বেশি সার প্রয়োজন হওয়া এবং মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ভুট্টা আবাদে চাষিদের নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ।

পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কোটচাঁদপুর উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ১২ হাজার ৮০৮ হেক্টর। এর মধ্যে চার হাজার একরের বেশি জমিতে ভুট্টার চাষ হয়। কৃষকেরা পাইনিওর-৩৩৫৫, সুপার স্টার-৯২৫৫, রকেট-৫৫, আকবর-৫৫, সুপারসাইন-২৭৫৫, মহাযাদু-৫৫, গরুর গাড়ি-৫৫৩৩, টপস্টার-৫৫, পদ্মা, গঙ্গা, জিকে-৩২৫৫ ও ডেকালব-৯২১৭সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করে থাকেন। এর মধ্যে পাইনিওর জাতের ভুট্টার চাষ বেশি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯৪৯ হেক্টর, যা ইতোমধ্যে অর্জিত হয়েছে। হেক্টরপ্রতি গড় উৎপাদন হয়েছে ১২ দশমিক ৮ টন। প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ মণ উৎপাদন হওয়ায় কৃষকরা সন্তুষ্ট। পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে।

তালসার গ্রামের ভুট্টাচাষি আকিমুল ইসলাম (সাজু) জানান, এ বছর দেড় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। সেখান থেকে ৬০ থেকে ৬৫ মণ শুকনা ভুট্টা পাওয়ার আশা করছেন। বর্তমানে প্রতি মণ শুকনা ভুট্টা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা লাভজনক।

এলাঙ্গীর নারায়ণ বাড়িয়া গ্রামের মঈন উদ্দিন খান বলেন, তিনি চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। বিঘাপ্রতি ৪৫ মণ উৎপাদন হয়েছে, যা কাঁচা অবস্থায় প্রতি মণ ৮০০ টাকায় বিক্রি করেছেন। এতে তিনি সন্তুষ্ট।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, উপজেলায় মোট আবাদযোগ্য জমির ৩১ শতাংশ জমিতে ভুট্টা চাষ হয়েছে। এখানে প্রায় ১০টি জাতের ভুট্টা আবাদ হয়, যার মধ্যে পাইনিওর জাত বেশি। এ ফসল উৎপাদনে ১৫০ থেকে ১৫৫ দিন সময় লাগে।

তিনি আরও জানান, অনেক কৃষক ইতোমধ্যে ভুট্টা ঘরে তুলেছেন, বাকিরা কর্তন ও মাড়াইয়ের কাজ করছেন। লাভজনক হওয়ায় ভুট্টা চাষের প্রতি কৃষকদের ঝোঁক বাড়ছে এবং বাজারজাত করতেও তেমন সমস্যা হয় না।

তবে কৃষি বিভাগ ভুট্টা চাষে কিছুটা নিরুৎসাহিত করছে। জাহিদ হোসেন বলেন, ভুট্টা মূলত পশুখাদ্য হিসেবে বেশি ব্যবহৃত হয় এবং মানুষের খাদ্য হিসেবে তুলনামূলক কম ব্যবহৃত হয়। এছাড়া এই ফসল চাষে বেশি পরিমাণ সারের প্রয়োজন হয়, যা অন্যান্য ফসলের তুলনায় বেশি। এ কারণে সরকার চলতি বছর ভুট্টা চাষে প্রণোদনা তুলে দিয়েছে

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪