ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী রাইয়ান রাহাত আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন। দেশের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘সেরা শিশুশিল্পী’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি। গত রোববার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতিমান নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তাঁদের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন রাইয়ান রাহাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী রাকা, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, চিত্রনায়ক শিপন মিত্র, নির্মাতা জিএমএস কাজলসহ বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
রাইয়ান রাহাতের অর্জনের ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় স্বীকৃতি। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নৃত্যে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ২০২১ ও ২০২২ সালে চিত্রাঙ্কনে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন তিনি। ২০২৩ সালে অভিনয়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে নিজের বহুমাত্রিক প্রতিভার পরিচয় দেন। একই বছর জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় ও চিত্রাঙ্কনে দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেন।
শিক্ষাক্ষেত্রেও তিনি সমানভাবে উজ্জ্বল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ চ্যাম্পিয়ন এবং ২০২৬ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে মেধার স্বাক্ষর রেখেছেন।
২০১৬ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে রাইয়ানের যাত্রা শুরু। অল্প সময়েই অর্জন করেছেন ৩ শতাধিক সনদ এবং ৫০০-এর বেশি বই ও ক্রেস্ট।
শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নন তিনি। বিজ্ঞাপনচিত্র, ফটোশুট, ওভিসি ও ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘নদাই’ ও ‘ছায়াবৃত্ত’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করছেন তিনি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবেও কাজ করছেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রাইয়ান রাহাত বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি আমার পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই।”
রিপোর্টার্স২৪/মিতু