ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটকরা হলেন- মো. মনির হোসেন ও মো. শহীদ সিকদার। তারা দুইজন উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ সম্মেলনেে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত গাঁজা এবং মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল