| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৭:৪০:০০:অপরাহ্ন  |  ১০০৫ বার পঠিত
জয়পুরহাটে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুর রহমান সরদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।  

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জয়পুরহাট র‍্যাব কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা, আঃ হালিম সরদারের ছেলে হাসিবুর রহমান সরদার দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভুক্তভোগীর স্বামী গত চার বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত থাকার সুযোগে সে ওই নারীর প্রতি অনৈতিক আচরণ ও হয়রানি চালিয়ে আসছিল।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আসামির পরিবারকে জানানো হলে পূর্বে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে হাসিবুর রহমান ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

তবে অভিযোগ রয়েছে, গত ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে ভুক্তভোগী নারী ঘাস নিয়ে বাড়িতে ফেরেন। এ সময় নির্জন বাড়িতে একা পেয়ে অভিযুক্ত হাসিবুর কৌশলে ঘরে প্রবেশ করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং ধর্ষণের চেষ্টা করে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক,  ফাহাদুজ্জামান আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, র‍্যাবের কাছ থেকে হস্তান্তরের পর অভিযুক্ত সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান সরদারকে সোমবার আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪