নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
আয়োজকেরা জানায়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম, একাউন্টস অফিসার জাহিদুল ইসলাম, ব্র্যাক হেলথ প্রোগ্রামের এরিয়া ম্যানেজার পবিত্র কুমার দেবনাথ, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই দিনে দুপুরে আড়াইহাজার উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু