| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বল্লু ইজ ব্যাক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২২:২১:০৪:অপরাহ্ন  |  ৪৯১ বার পঠিত
বল্লু ইজ ব্যাক

স্টাফ রিপোর্টার: বলিউড ইতিহাসের অন্যতম আলোচিত এবং সঞ্জয় দত্তের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা ‘খলনায়ক’ নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে। তিন দশকেরও বেশি সময় পর এই অ্যাকশন থ্রিলারটির সিকুয়েল নির্মাণের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। এই সিনেমার মাধ্যমেই বল্লু চরিত্রে আবারও রণহুঙ্কার দেবেন তিনি।

তিন দশক পর পর্দায় ফিরছে বলিউডের আইকনিক চরিত্র ‘বল্লু’। ১৯৯৩ সালের কালজয়ী ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সেই চিরচেনা রুদ্ররূপে আবারও দেখা দেবেন সঞ্জয় দত্ত। সম্প্রতি এই সিনেমার সিকুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এর ফার্স্ট লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন খোদ সঞ্জয় দত্ত।

মৌলিক ‘খলনায়ক’ সিনেমার স্বত্ব ছিল নির্মাতা সুভাষ ঘাইয়ের হাতে। সিকুয়েল নির্মাণের জন্য সেই স্বত্ব আইনগতভাবে কিনে নিয়েছেন সঞ্জয় দত্ত নিজেই। সিনেমাটি বড় পরিসরে তৈরির লক্ষে সঞ্জয়ের প্রতিষ্ঠান ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ ও প্রযোজক অক্ষ কাম্বোজের ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’-এর সাথে যুক্ত হয়েছে নামি প্রযোজনা সংস্থা ‘জিও স্টুডিওস’। এছাড়া সুভাষ ঘাইয়ের ‘মুক্তা আর্টস’ও এই প্রজেক্টের সাথে থাকছে।

চমকপ্রদ তথ্য হলো, ‘খলনায়ক রিটার্নস’-এর গল্পের বীজ রোপিত হয়েছিল সঞ্জয় দত্তের কারাজীবনে। মুম্বাই বিস্ফোরণ মামলায় জেলবন্দী থাকাকালীন বল্লু চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তিনি। সঞ্জয় জানান, বল্লু জেল থেকে ২০-৩০ বছর পর বের হওয়ার পর তার জীবন কেমন হতে পারে, সেই ভাবনা থেকেই এই নতুন গল্পের জন্ম।

কারাগারে থাকাকালীন অন্য বন্দীদের কাছেও সিনেমাটির বিষয়ে মতামত নিতেন সঞ্জয়। তিনি বন্দীদের অনুরোধ করেছিলেন বল্লু চরিত্রটির পরবর্তী গল্প এক পৃষ্ঠায় লিখে দিতে। জেল থেকে মুক্ত হওয়ার পর সেই লেখাগুলো তিনি সুভাষ ঘাইয়ের হাতে তুলে দেন। দীর্ঘ প্রতীক্ষার পর সেই পরিকল্পনা এবার আলোর মুখ দেখছে।

সঞ্জয় দত্তের ভাষায়, “খলনায়ক আমার হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। আজও দর্শক বল্লু চরিত্রটি নিয়ে সমানভাবে উচ্ছ্বসিত। অনেকদিন ধরেই এই গল্পটি আধুনিক প্রেক্ষাপটে ফিরিয়ে আনার ইচ্ছা ছিল। এবার সবাইকে সাথে নিয়ে বিশেষ কিছু উপহার দেওয়ার অপেক্ষায় আছি।”

জিও স্টুডিওস জানিয়েছে, ‘খলনায়ক রিটার্নস’ কেবল একটি সিকুয়েল নয়, বরং আধুনিক যুগের দর্শকদের রুচি অনুযায়ী এক বিশাল অ্যাকশন এন্টারটেইনার হিসেবে নির্মিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪