| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলন্ত কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০০:০১:৫৪:পূর্বাহ্ন  |  ৫২১ বার পঠিত
চলন্ত কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস-এ পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে যাওয়াসহ গুরুতর জখমের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসে ছিলেন আহত দুই যাত্রী। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি তাদের আঘাত করে।

এতে হিমেল আহমেদের চারটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁটের ভেতরের অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। অপরদিকে আবু সাঈদ ঘাড়ে আঘাত পান। ঘটনাটি আকস্মিক হওয়ায় কোচে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে আহতদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া ৪টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা ১৮-২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় ট্রেনের অ্যাটেনডেন্ট উপস্থিত ছিলেন না এবং পরে জানানো হলেও গার্ড ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। গত এক বছরে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে অন্তত ১৪৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ৩৯ জন যাত্রী। এর মধ্যে কক্সবাজার রুটেই সবচেয়ে বেশি—৩৮টি ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ট্রেনের জানালা ও দরজারও ব্যাপক ক্ষতি হয়েছে।

বর্তমানে কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন নিয়মিত চলাচল করছে—দুটি ঢাকা-কক্সবাজার এবং দুটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে। যাত্রীচাহিদা বাড়লে বিশেষ ট্রেনও চালু করা হয়। তবে বারবার এ ধরনের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে চকরিয়া-হারবাং এলাকায় রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪