| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জ্যোৎস্না অরণ্য’ নিয়ে সৃজনের আয়োজনে কবিতা ও সাহিত্য আলোচনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০৭:০৪:২৯:পূর্বাহ্ন  |  ২১৮৫ বার পঠিত
‘জ্যোৎস্না অরণ্য’ নিয়ে সৃজনের আয়োজনে কবিতা ও সাহিত্য আলোচনা

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে শিল্প-সাহিত্যের সংগঠন ‘সৃজন’-এর কার্যালয়ে একক বক্তৃতা, কবিতাপাঠ ও পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কবি লুব্ধক মাহবুবের ‘জ্যোৎস্না অরণ্য’ কাব্যগ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও গল্পকার প্রফেসর ড. আনোয়ারুল হক এবং প্রফেসর ড. সেলিম আকন্দ।

আলোচনায় ড. আনোয়ারুল হক বলেন, লুব্ধক মাহবুব মূলত প্রেমের কবি, তবে তার কবিতায় প্রবাসজীবনের টানাপোড়েন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে। ‘জ্যোৎস্না অরণ্য’ গ্রন্থে কবির পরিণত ভাবনা, সাবলীল শব্দচয়ন এবং দেশপ্রেমের গভীর প্রকাশ তাকে ভিন্নমাত্রা দিয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও কবি তার কবিতার মাধ্যমে দেশের সঙ্গে নিবিড় সংযোগ বজায় রেখেছেন।

ড. সেলিম আকন্দ তার বক্তব্যে বলেন, এটি লুব্ধক মাহবুবের তৃতীয় কাব্যগ্রন্থ এবং আগের তুলনায় এতে কবির পরিণত প্রকাশভঙ্গি স্পষ্ট। সুনির্বাচিত শব্দচয়ন, অনুপ্রাস, বক্রোক্তি, ব্যঞ্জনা, উপমা-উৎপ্রেক্ষা ও চিত্রকল্পের দক্ষ ব্যবহারে তিনি নিজস্ব কাব্যভাষা নির্মাণে সক্ষম হয়েছেন। গ্রন্থটির আশিটি কবিতায় বিষয়বৈচিত্র্য এবং দীর্ঘ ৩৪ বছরের প্রবাসজীবনের অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের একক বক্তৃতা পর্বে ‘স্বাধীনতাপূর্ব বাংলাদেশের কবিতার গতি-প্রকৃতি’ বিষয়ে বক্তব্য দেন লেখক ও গবেষক ড. কুদরত-ই-হুদা। তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ববাংলার মুসলমান সমাজ ধর্মীয় ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে এ প্রক্রিয়ায় যুক্ত হয়। চল্লিশের দশকে পাকিস্তানি জাতীয়তাবাদকে কেন্দ্র করে কবিতা রচিত হলেও ষাটের দশকে এসে সেই মোহভঙ্গ ঘটে এবং কবিতার ধারা নতুন দিকে মোড় নেয়।

শেষ পর্বে কবি আরিফ মঈনুদ্দীনের একক কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। তার কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসার, নুসরাত সুলতানা এবং কবি ওয়াহিদ জামান।

নুসরাত সুলতানা বলেন, কবিতা ব্যাখ্যার অতীত এক শিল্পমাধ্যম। আরিফ মঈনুদ্দীন তার ১৮টি কাব্যগ্রন্থে নান্দনিক শব্দচয়ন, দর্শন, মনস্তত্ত্ব ও জীবনবোধের গভীর প্রকাশ ঘটিয়েছেন। আহমেদ বাসার বলেন, তার কবিতায় মিস্টিক চেতনার উপস্থিতি রয়েছে, যা বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণনির্ভর। ওয়াহিদ জামান মন্তব্য করেন, সহজ-সরল ভাষার আড়ালে তার কবিতায় গভীর জীবনবোধের প্রকাশ ঘটে।

অনুষ্ঠানে কবি লুব্ধক মাহবুব, কবি আরিফ মঈনুদ্দীনসহ বিভিন্ন অঙ্গনের কবি, গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪