ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
সভায় জেলার বিদ্যমান শ্রম পরিস্থিতি, সম্ভাব্য শ্রম সংকট এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং শ্রম বিরোধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা শ্রম খাতের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে যেকোনো সংকট দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, শ্রম খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক আহমেদ মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/বাবি