বাগেরহাট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রামপালে টেকসই বাঁধ নির্মাণ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। যুব-নেতৃত্বাধীন সংগঠন Fight For Coastal Rights and Justice (FFCRJ)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম দিন রামপাল ঘাট এলাকায় একটি সচেতনতামূলক বুথ স্থাপন করা হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের দাবির পক্ষে স্বাক্ষর প্রদান করেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবীরা নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং নিরাপদ পানির সংকট নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন।
স্থানীয় এক অংশগ্রহণকারী বলেন, “আমরা নিরাপদ পানি ও টেকসই বাঁধ চাই। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।”
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সংগৃহীত স্বাক্ষরের ভিত্তিতে একটি পিটিশন তৈরি করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তারা আরও জানান, আগামী কয়েকদিনে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে এই কর্মসূচি পরিচালিত হবে।
সংগঠনের পক্ষ থেকে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের প্রতি উপকূলীয় জনগণের এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন