| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৭:০৪:৫৪:অপরাহ্ন  |  ৪১৭ বার পঠিত
রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর বাড্ডায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮এপ্রিল) শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত শিশুটির নাম হাবিবুল্লাহ। তার বাবা শাহিন পেশায় রিকশাচালক এবং মা শিল্পী খাতুন গৃহপরিচারিকার কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে। বাড্ডায় ওই বাড়িতে তাঁরা ভাড়ায় থাকেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আর শিশুর বাবা শাহিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

পরিবারের বরাতে এসআই বলেন, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়ে সংসারে অশান্তি চলছিল। তবে ছেলেকে কেন হত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এসআই আরও বলেন, ওই বাড়িতে স্বামী-স্ত্রী দুই ছেলেকে নিয়ে থাকেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে বড় ছেলে বাসায় ছিল না। আর নিজের জন্য ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন শিশুটির মা। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি করে তাঁর স্বামীকে দরজা খুলতে বললেও তিনি খোলেননি। একপর্যায়ে বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড়ো হলে তখন শাহিন দরজা খুলে বলেন, তাঁর ছেলেকে তিনি মেরে ফেলেছেন। সবাই রুমের ভেতর ঢুকে বিছানায় শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে শাহিনকে আটকে রাখেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪