শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে মাদক কারবারি ফারুক আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪)। তিনি বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে এসআই শহিদুল্লাহর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামে অভিযান চালায়। এ সময় ফারুক আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন