| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে তিন দিনের ময়লা জমা, দুর্ভোগে পৌরবাসী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৯:১২:২৯:অপরাহ্ন  |  ২৭৪ বার পঠিত
রাঙ্গামাটিতে তিন দিনের ময়লা জমা, দুর্ভোগে পৌরবাসী

রাঙ্গামাটি প্রতিনিধি: ডাম্পিং স্টেশন (ময়লার ভাগাড়) স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত তিন দিন ধরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারছে না রাঙ্গামাটি পৌরসভা। ফলে পর্যটননগরী রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা গেছে, শহরের প্রবেশমুখ ভেদভেদি রেডিও স্টেশন এলাকার পাশেই অবস্থিত পৌরসভার ডাম্পিং স্টেশনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দীর্ঘদিন ধরে এর আশপাশের বাসিন্দারা সে স্থান থেকে ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সেখানে ময়লা ফেলার কারণে তীব্র দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নানা স্বাস্থ্যঝুঁকি। এ দাবিতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।

দাবি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা সম্প্রতি ডাম্পিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফলে পৌরসভার কোনো ময়লার গাড়ি সেখানে প্রবেশ করতে পারছে না।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসন শুধু আশ্বাস দিয়ে আসছে, কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই তারা কঠোর অবস্থানে গেছেন। বর্তমানে এলাকাবাসীর প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে এবং এ বিষয়ে সময় চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বন্ধ থাকায় শহরের বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বড়, মাঝারি ও ছোট প্রায় সব ডাস্টবিনই উপচে পড়ছে। অনেক স্থানে ডাস্টবিনের বাইরে ছড়িয়ে রয়েছে আবর্জনা, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সূত্র জানায়, ময়লা ফেলতে না পারায় পৌরসভার গাড়িগুলো সংগৃহীত বর্জ্য ডাম্পিং স্টেশনে নিতে না পেরে পৌরসভা প্রাঙ্গণেই জমা রাখছে।

রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, “এলাকাবাসীর সঙ্গে আলোচনা চলছে। এতে সাময়িকভাবে পৌরবাসীর কিছু ভোগান্তি হচ্ছে। আশা করছি দ্রুতই একটি সমাধানে পৌঁছানো যাবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪