বেনাপোল প্রতিনিধি: ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছার নাভারন গ্রামের জাওলাপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান, জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন এবং মণিরামপুরের রোহিতা গ্রামের শেখপাড়ার আব্দুল মান্নানের ছেলে ট্রাকচালক সোহাগ পারভেজ পাপ্পু।
জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর রাতে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুইজন কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মো. আবু সুফিয়ান।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহাগ পারভেজ পাপ্পুর বিরুদ্ধে ৩৬(১) ধারার সারণির ১৪(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং ৩৮ ধারায় আরও ২ বছর কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত তিনজনই বর্তমানে জামিনে মুক্ত থেকে পলাতক রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু