| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে দেশে ফিরলেন প্রবাসী, সকালে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ২২:২৩:৪১:অপরাহ্ন  |  ১২৮০ বার পঠিত
রাতে দেশে ফিরলেন প্রবাসী, সকালে মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাস জীবনের ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. আনু বিশ্বাস (৪০)। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস- দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই চিরবিদায় নিতে হলো তাকে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন আনু বিশ্বাস। রাতেই নিজ গ্রাম শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া এলাকায় বাড়িতে পৌঁছান তিনি। তবে শুক্রবার (১ মে) সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

আনু বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কাদের বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। ঈচ্ছা ছিল পরিবারের সাথে কুরবানির ঈদ করবেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর রাতেই বাড়িতে পৌঁছান আনু। কিন্তু সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

আনুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একদিকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে হঠাৎ এই বিয়োগান্তক ঘটনায় পরিবারটি এখন শোকে স্তব্ধ।

আনুর স্ত্রী তন্নী খাতুন বলেন, অনেক টাকা-পয়সা খরচ করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন পরিবারের ভাগ্য বদলাতে। দেশে ফিরে সকালে অসুস্থ হয়ে মারা গেলেন। পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষকে হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।

নিহতের ভাই আলমীর বিশ্বাস বলেন, আমার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন। রাতে দেশে ফিরে সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। মালয়েশিয়ায় তিনি একজন শ্রমিক ছিলেন। শ্রমিক দিবসেই তিনি মারা গেলেন- এটা আমাদের জন্য খুবই কষ্টের।

মালয়েশিয়া ফেরত এই প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার বাড়িতে ভিড় করছেন তাকে চিরবিদায় জানাতে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪