স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
শনিবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ জিতলে ২০২১ সালের পর আবারও কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে সুযোগ সিরিজ সমতায় শেষ করার।
দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃষ্টির ওপর তো কারও হাত নেই। এটা আসলে ব্যাড লাক। তবে আমাদের সামনে সিরিজ জেতার ভালো সুযোগ আছে এবং আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব।
চট্টগ্রামে বাংলাদেশের স্লগ ওভারের ব্যাটিং ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। বিশেষ করে তাওহীদ হৃদয় ও শামীমের আক্রমণাত্মক ব্যাটিং কিউইদের চাপে ফেলেছিল। নিউজিল্যান্ডের ব্যাটার ডিন ফক্সক্রফট জানিয়েছেন, শামীমকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে তাদের দল।
তিনি বলেন, শামীম শেষ দিকে আমাদের ডেথ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছে। আমরা এখন তাকে নিয়ে বিশ্লেষণ করেছি এবং এবার ভালো পরিকল্পনা করতে চাই।
প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন ফক্সক্রফট। তার মতে, বোলিং ও ব্যাটিংয়ের কিছু জায়গায় নিয়ন্ত্রণ হারানোয় প্রথম ম্যাচে পিছিয়ে পড়েছিল নিউজিল্যান্ড।
এদিকে শুক্রবার মিরপুরে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচের জন্য আগের স্কোয়াডই বহাল রেখেছে নির্বাচকরা।
তবে ম্যাচের আগে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৬ শতাংশ। বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। যদিও মিরপুরের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা দ্রুত মাঠ খেলার উপযোগী করে তুলতে সক্ষম বলে আশা করা হচ্ছে।