স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার (গ্রেট) হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আর্জেন্টাইন মহাতারকার সাম্প্রতিক কীর্তির পর তিনি বলেছেন, এখন পুরো বিশ্বের উচিত কোনো দ্বিধা ছাড়াই মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন ৩৮ বছর বয়সী মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও।
মেসির এই অর্জনের পর প্রশংসায় ভাসিয়ে রোনালদো নাজারিও বলেন, ‘মেসি যখনই মাঠে নামে, তখনই সেটি নান্দনিকতা ও ইতিহাসের এক বিশেষ মুহূর্তে পরিণত হয়। বিশ্বের এখন সময় এসেছে লুকোচুরি না করে স্বীকার করার যে, মেসিই সর্বকালের সেরা। সে প্রতি মৌসুমে এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চেও ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। এটি সত্যিই অবিস্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন।’
দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে আসছেন মেসি। ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপার পাশাপাশি আটটি ব্যালন ডি’অর, কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত সূচনা করে আবারও প্রমাণ করেছেন, বয়স তার জন্য কেবলই একটি সংখ্যা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। তার গোলসংখ্যা বর্তমানে ১৬। আর মাত্র একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।
রিপোর্টার্স২৪/বাবি