| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের জয়, নেইমারের ফেরা: উৎসবে মেতেছে ঢাবি

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ০৮:১৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৫৭২ বার পঠিত
ব্রাজিলের জয়, নেইমারের ফেরা: উৎসবে মেতেছে ঢাবি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সে উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং দীর্ঘ প্রতীক্ষার পর নেইমার জুনিয়রের মাঠে ফেরা ঘিরে গভীর রাতেও বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো ব্রাজিল সমর্থক।

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও আসে দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ঠাণ্ডা মাথায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই গোলে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও রাজু ভাস্কর্যে।

২৩তম মিনিটে আবারও স্কটিশ জালে বল পাঠিয়েছিলেন ভিনিসিয়ুস। দ্বিতীয় গোলের আনন্দে তখন মেতে ওঠেন সমর্থকরা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় গোলের আগে ফাউল শনাক্ত হওয়ায় সেটি বাতিল ঘোষণা করা হয়। এতে কিছু সময়ের জন্য দর্শকদের মধ্যে হতাশা নেমে এলেও সেই অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বল থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। আর সেই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণে শুরু হয় নতুন করে উদযাপন। প্রিয় দলের পতাকা উড়িয়ে, একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেন সমর্থকরা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আধিপত্য আরও স্পষ্ট হয়। ম্যাচের ৬০তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এরপরই আসে ম্যাচের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত।

ম্যাচের ৭৬তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। প্রায় দুই বছর আট মাস বা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন এই তারকা ফরোয়ার্ড। তাকে মাঠে নামতে দেখেই গগনবিদারী উল্লাসে ফেটে পড়ে টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা। অনেক সমর্থকই এটিকে ব্রাজিলের নতুন স্বপ্নযাত্রার সূচনা হিসেবে দেখছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নেইমার আরেকটি ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করেন। তিনি ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। এর আগে এই তালিকায় ছিলেন কিংবদন্তি জালমা সান্তোস, সাবেক অধিনায়ক কাফু এবং ফুটবলের রাজা পেলে।

২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চারটি বিশ্বকাপে খেলার মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবলের এই সুপারস্টার নিজের নাম লিখিয়েছেন দেশের ফুটবল ইতিহাসের অভিজাত এক তালিকায়।

দীর্ঘ সময় চোট ও পুনর্বাসনের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য ছিল আবেগঘন এক উপলক্ষ। নকআউট পর্বের আগে তার ফেরা ব্রাজিল শিবিরেও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং কুনিয়ার এক গোলের সুবাদে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন নকআউট পর্বে নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়ার অপেক্ষায় রয়েছে সেলেসাও সমর্থকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪