| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইগাতী এসিল্যান্ড কার্যালয়ের গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৩:৪৩:৩২:অপরাহ্ন  |  ৮৫৪ বার পঠিত
ঝিনাইগাতী এসিল্যান্ড কার্যালয়ের গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক মো. আল-আমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ, আল-আমিন দীর্ঘদিন ধরে নামজারি, মিস কেস, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন জমি সংক্রান্ত কাজে মধ্যস্থতা করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করতেন এবং টাকা না দিলে ফাইল আটকে রাখার ভয় দেখাতেন।

অভিযোগকারীদের একজন রাশেদ খান মিলন দাবি করেন, খারিজ করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়িচালক আল-আমিন ৫০ হাজার টাকা নেন। পরে কাজ না করে টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইলে তাকে মামলা ও জেলে পাঠানোর হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। পরে লিখিত অভিযোগ দিতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয় বলে দাবি তার।

তিনি আরও জানান, পরে বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরেক ভুক্তভোগী আশকর আলী অভিযোগ করেন, বাজারের সরকারি ঘর মেরামতের কথা বলে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। পরে ১৫ হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা এখনও ফেরত দেওয়া হয়নি।

সাহেরা বেগম নামের আরেক ভুক্তভোগী জানান, জমি খারিজের জন্য তার কাছে ৫ হাজার টাকা দাবি করা হলেও টাকা না দেওয়ায় তার কাজটি হয়নি।

স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ড কার্যালয়ের ড্রাইভার হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আল-আমিন একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। অনেক সময় কর্মকর্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, “সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন নাগরিক সমাজ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, একজন কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রশাসনিক সেবার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪