| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৬:২৪:৩৯:অপরাহ্ন  |  ৭৭৮ বার পঠিত
সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি: ​সিলেটের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে যোগাযোগ, স্বাস্থ্য, শিল্পায়ন ও পরিবেশ রক্ষায় একগুচ্ছ নতুন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত রূপরেখা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​প্রধানমন্ত্রী তার বক্তব্যে সিলেটবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, বিমানে লন্ডন যাওয়ার চেয়ে সড়কপথে ঢাকা পৌঁছাতে বেশি সময় লাগা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি জানান যে, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার পথে জমি অধিগ্রহণ সংক্রান্ত সকল জটিলতা ইতিমধ্যে নিরসন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই মহাসড়কের দৃশ্যমান কাজ শুরু হবে এবং এর পাশাপাশি ফসলি জমি রক্ষা ও যানজট এড়াতে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

​স্বাস্থ্য খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, সিলেটে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার হাসপাতালটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ১২০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি, যার মধ্যে বিশাল একটি অংশ নারী কর্মী হিসেবে নিয়োগ পাবেন।

​সিলেটের ঝিমিয়ে পড়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো প্রয়োজনে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টিতে সিলেটের আইটি পার্ককে দ্রুত কার্যকর করার পাশাপাশি দেশের ভোকেশনাল সেন্টারগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সুরমা তীরের মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর পানিজট সমস্যার অবসান হবে। এছাড়া পরিবেশ রক্ষায় খাল খনন ও নদীর প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সফলতার কথা উল্লেখ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কথাও সমাবেশে জানান তিনি।

​সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং হুইপ জিকে গউছ। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সরকারের এই উন্নয়ন দর্শনকে স্বাগত জানান।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪