ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২মে) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
নিহত শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাঈদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে জামালপুর চৌরঙ্গী এলাকার বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে ফাঁস দেয় শিফাত। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সাঈদ হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান এবং পরে থানায় বিষয়টি অবহিত করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
রিপোর্টার্স২৪/মিতু