নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে চলনবিলের লাখো কৃষকের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বোরো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আত্রাই নদীর পানি বেড়ে ৮ দশমিক ৮২ সেন্টিমিটারে পৌঁছেছে। নদীর বিভিন্ন পয়েন্ট ও ব্রিজের নিচ দিয়ে পানি প্রবেশ করে চলনবিল এলাকায় ছড়িয়ে পড়ছে।
এতে সারদানগর ভাঙন, কতুয়াবাড়ি, আনন্দনগর এবং সিংড়া দহপাড় খালসহ অন্তত পাঁচটি পয়েন্ট দিয়ে পানি ঢুকছে বলে জানা গেছে। ফলে নিচু জমিতে থাকা আধাপাকা ধান দ্রুত কেটে নেওয়ার চেষ্টা করছেন কৃষকেরা।
ফসল রক্ষায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে নদীর ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাঁধ নির্মাণ করে রাত জেগে পাহারা দিচ্ছেন। প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারাও সার্বক্ষণিকভাবে মাঠে অবস্থান করছেন।
শনিবার ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ। তারা কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও ঢলের পানিতে সিংড়া উপজেলার আত্রাই ও নাগর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলনবিল এলাকায় কৃষি জমিতে পানি প্রবেশ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, “অতিবৃষ্টি ও উজানের ঢলে আত্রাই নদীর পানি ৮ দশমিক ৮২ সেন্টিমিটারে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং কৃষকদের সঙ্গে সমন্বয় করে বাঁধ নির্মাণ ও পাহারার ব্যবস্থা করা হয়েছে।”
এদিকে পানি বৃদ্ধির কারণে কৃষকদের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা।
রিপোর্টার্স২৪/এসএন