নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার একই গ্রামের কেরাম আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান তিনি। তার স্ত্রী ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন