| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে টাকা লেনদেন

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৬:৩৬:৫৪:অপরাহ্ন  |  ২১৯ বার পঠিত
বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে টাকা লেনদেন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার)-এর পোষ্য এক ব্যক্তির মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি ভূমি অফিসের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান চেয়ারে বসে কাজ করছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন টি-শার্ট পরা এক যুবক। এই যুবকের নাম তাহিদ হোসেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের বাসিন্দা। আসাদুজ্জামানের পোষ্য লোক হিসেবে টাকা গ্রহণ করছেন তিনি। ভূমি অফিসে কাজ নিয়ে আসা মানুষদের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, এই আসাদুজ্জামানের কাছে টাকা ছাড়া কোনো কাজই হয় না। খাজনা-খারিজ থেকে শুরু করে কোনো কাজ নিয়ে গেলেই তিনি আগে চুক্তিতে বসেন। মৌখিক দর-কষাকষি শেষে পছন্দের অঙ্কের টাকা দিলেই তবে তিনি কাজে হাত দেন। এছাড়া কোনো কাজ তিনি করেন না। যারা ঘুষ দিতে অপারগ, তাদের মাসের পর মাস ঘুরতে হয়। শেষ পর্যন্ত তারাও টাকা দিয়েই কাজ করিয়ে নেন।

এদিকে আসাদুজ্জামানের অফিসের এই ভিডিও গোপনে ধারণ করে কেউ ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন ব্যক্তির কাছে ম্যাসেঞ্জারে ভিডিওটি পাঠানো হয়েছে। ঘুষ গ্রহণের দায়ে আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আসাদুজ্জামান বলেন, ভিডিওটি আমি দেখেছি। সেখানে যে যুবককে দেখা যাচ্ছে, সে অফিসের কেউ নয়। তবে মাঝে মধ্যে আমাকে সহযোগিতা করার জন্য অফিসে আসে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪