| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক কারবারিকে ছেড়ে দিয়ে স্ত্রীকে গ্রেপ্তার করলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ২৩:৫৬:২৩:অপরাহ্ন  |  ৩৮৯ বার পঠিত
মাদক কারবারিকে ছেড়ে দিয়ে স্ত্রীকে গ্রেপ্তার করলো পুলিশ

মেহেরপুর প্রতিনিধি: মাদক কারবারি স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৪ মে) দুপুরে নাসরিন আক্তারকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেপ্তার নাসরিন আক্তার বেতবাড়ীয়া গ্রামের অভিযুক্ত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের প্রথম স্ত্রী।

গাংনী থানা সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে ইয়াবা বিক্রির সময় পুলিশের একটি দল নাসরিন আক্তারকে ১২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। একইসঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় বেতবাড়ীয়া গ্রামে অভিযুক্ত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায়। নিজ ঘরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। ওই বাড়িতে আইনি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে পুলিশ কিছু সময় অবস্থান করে। এর মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর হোসেন। শ্বাসকষ্ট হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সদস্যরা।

এদিকে জাহাঙ্গীর অসুস্থ হওয়ায় তার দ্বিতীয় স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করতে চায়। তবে দ্বিতীয় স্ত্রী জানান, তিনি ইয়াবার টাকা খান না। এজন্য পুলিশের হাতে গ্রেপ্তার হবেন না। দ্বিতীয় স্ত্রী সম্মত না হওয়ায় প্রথম স্ত্রীকে নিয়ে গাংনী থানায় ফেরে পুলিশ।

জানা গেছে, অভিযান শেষ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর স্বাভাবিক চলাফেরা শুরু করেন জাহাঙ্গীর। সোমবার সারাদিন তাকে মোটরসাইকেলে ঘুরতে দেখেছেন অনেকে। একজন মাদক কারবারির বদলে তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো কতটা আইন সম্মত তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, অভিযানের সময় একই ঘরে জাহাঙ্গীর ও তার প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। অভিযানের সময় কোনো আসামি কিংবা সন্দেহভাজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন তবে পুলিশ হেফাজতে তার চিকিৎসা করতে হবে। সুস্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু অভিযুক্ত মাদক কারবারিকে অসুস্থতাজনিত কারণে ছেড়ে দিয়ে তার জায়গায় তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো নিয়ে এলাকায় ক্ষোভ চলছে।

অভিযানের বিষয়ে জানতে পুলিশের অভিযান টিমের প্রধান গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাদক কারবারিকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে মেহেরপুরের অতিক্তির পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী হয়ত দুজনেই মাদক কারবারি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪