| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত বছর পর জীবিত উদ্ধার ‘নিখোঁজ’ তরুণী

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০৬:৩৪:২৭:পূর্বাহ্ন  |  ১৮৫২ বার পঠিত
সাত বছর পর জীবিত উদ্ধার ‘নিখোঁজ’ তরুণী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রায় সাত বছর আগে নিখোঁজ হওয়া আয়েশা খাতুন নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে এতদিন দাবি করে আসছিল পরিবার।

রোববার (৩ মে) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক।

উদ্ধার হওয়া আয়েশা খাতুন উপজেলার খাল-আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, ২০১৯ সালের ৩১ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আয়েশা। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ ও সিআইডির তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তবে ২০২৪ সালে আয়েশার মা চারজনকে আসামি করে পুনরায় অপহরণ ও হত্যার অভিযোগে নতুন মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ওসি আব্দুল বারেক জানান, সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় আয়েশা জীবিত রয়েছেন। পরে পুলিশ নজরদারি শুরু করে। রোববার বিকেলে রাজশাহী থেকে বিআরটিসি বাসে করে ভোলাহাটে আসার সময় বাসস্ট্যান্ড থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা তার দীর্ঘদিনের অনুপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি কখনো কুষ্টিয়া, আবার কখনো ঢাকার মিরপুরে থাকার কথা জানিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪