বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের গুঞ্জনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন জাহ্নবী কাপুরের বাবা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর।
সম্প্রতি বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন জাহ্নবী কাপুর। এমনকি ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলেও গুঞ্জন ছড়ায়।
তবে এসব খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন বনি কাপুর। ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, এই খবরের কোনো সত্যতা নেই।” তার এই মন্তব্যের পরই বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা নতুন নয়। অভিনয়ে অভিষেকের আগেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০১৬ সালে বিচ্ছেদের খবর এলেও পরবর্তীতে আবারও তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় স্থানে শিখরকে কাপুর পরিবারের সঙ্গেও দেখা গেছে।
চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন জাহ্নবী। সরাসরি কারও নাম না নিলেও তিনি জানান, ভালোবাসার মানুষের পাশে থাকলে তিনি নিরাপদ বোধ করেন এবং নিজের আসল সত্ত্বা খুঁজে পান।
সম্প্রতি এক পডকাস্টে তিনি আরও বলেন, প্রিয় মানুষের উপস্থিতিতে তিনি নিজেকে আর অসহায় মনে করেন না এবং সেখানে তিনি শিশুর মতো স্বাভাবিক থাকতে পারেন।
এদিকে ব্যক্তিগত জীবনের আলোচনার মধ্যেও পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে।
রিপোর্টার্স২৪/ঝুম