চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন, মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সকলের বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা করে জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান ও উপ-পরিদর্শক মো সোহেল রানা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেপ্তার ব্যাক্তিদের মাদক সেবনরত ও মাদক কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়। অভিযানে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/মিতু