রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। একইসঙ্গে ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। পরে তারা ভিসি কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কক্ষ ত্যাগ করতে বলেন এবং তাদের বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়ে ‘জামাতীকরণ’ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগ ও প্রশাসনে অনিয়ম করছেন। তাদের দাবি, শিক্ষক নিয়োগ, পদায়ন এবং প্রকল্প পরিচালক নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। এছাড়া আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়।
লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্ণব বলেন, ভিসির দায়িত্বগ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি, নিয়োগ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার বেড়েছে। তিনি অভিযোগ করেন, মেধা উপেক্ষা করে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “ভিসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ অথবা পদত্যাগ করতে হবে। এ সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ বলেন, ভিসিকে দ্রুত অপসারণ না করা হলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান। তিনি বলেন, “আমি বর্তমানে ঢাকায় একটি অনুষ্ঠানে রয়েছি। আমার উপস্থিতিতে কেউ এ ধরনের অভিযোগ তোলেনি। ভিসির একার পক্ষে কোনো অনিয়ম করা সম্ভব নয়, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।”
ঘটনার সময় ভিসি কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। এছাড়া কয়েকজন শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা গ্রহণ করেননি।
রিপোর্টার্স২৪/মিতু