চট্টগ্রাম প্রতিনিদি: চট্টগ্রামের লোহাগাড়ায় ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (৫মে) উপজেলার বাঁশখালিয়া পাড়া এলাকায় ধানক্ষেতে সাপটি দেখতে পান কৃষকরা। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ২০ কেজি। এটি বার্মিজ জাতের অজগর। এর আনুমানিক বয়স প্রায় তিন বছর। সাপটি ইঁদুরের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, লোকালয়ে চলে আসা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, বনাঞ্চল কমে যাওয়া ও খাবারের সন্ধানে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান ।
রিপোর্টার্স২৪/ফয়সাল