মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়াজনিত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাই কালুর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গোলাম হোসেনের ইজিবাইকের ধাক্কায় বন্যা নামে এক নারীর বাড়ির প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি নিজ খরচে তা মেরামত করে দেন। তবে পরদিন গেট নির্মাণের দাবি নিয়ে বন্যার সঙ্গে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনায় বন্যা পড়ে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। স্থানীয়দের দাবি, বন্যার সঙ্গে গোলামের খালাতো ভাই কালুর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধ মেটেনি।
নিহতের স্ত্রী আলেয়া খাতুন অভিযোগ করেন, বিকেলে বন্যার স্বামী রাজুকে সঙ্গে নিয়ে কালু ধারালো হাসুয়া দিয়ে গোলামের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত কালু ও বন্যা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি