নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামাণিকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে অটোভ্যানে করে হান্নান মোড়ে চা খেতে যাচ্ছিলেন। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়ার সময় একটি শ্যালো ইঞ্জিনচালিত লছিমনের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়।
এতে মুক্তার হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে নিহতের স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গ্রামপ্রধানের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন