| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বিষ প্রয়োগ করে জামায়াত নেতার অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৬:৪৩:১৫:অপরাহ্ন  |  ৯২৪ বার পঠিত
ভাঙ্গায় বিষ প্রয়োগ করে জামায়াত নেতার অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

খামার মালিক আনোয়ার মাতুব্বর অভিযোগ করেন, দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তার খামারের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। বিষ প্রয়োগের পর দিঘির মাছ পানিতে ভেসে উঠলে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

জানা গেছে, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য আনোয়ার মাতুব্বর নিজ বাড়ির পাশের প্রায় তিন বিঘা জমির ওপর গড়ে তোলা একটি বড় দিঘিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন। তিনি সহকারীদের নিয়ে নিয়মিত খামারের দেখভাল করতেন। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাছ সরবরাহ করতেন।

কিছুদিন আগে তিনি দিঘিতে নতুন মাছের পোনা অবমুক্ত করেন। ধীরে ধীরে মাছগুলো বড় হতে শুরু করায় লাভের আশায় ছিলেন তিনি। প্রতিদিনের মতো ঘটনার রাতেও মাছের খাবার দিয়ে বাড়ি ফেরেন। ফজরের নামাজের পর সকালে দিঘিপাড়ে গিয়ে তিনি দেখতে পান পানিতে শত শত মরা মাছ ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে খবর পেয়ে গ্রামবাসী সেখানে ছুটে আসেন।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “আনোয়ার মাতুব্বর দীর্ঘদিন ধরে কষ্ট করে মাছের খামার গড়ে তুলেছেন। তিনি প্রতিবছর এলাকার মসজিদ-মাদরাসা ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। রাতের আঁধারে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

ক্ষতিগ্রস্ত আনোয়ার মাতুব্বর বলেন, “কয়েক বছর ধরে আমি এই দিঘিতে মাছ চাষ করছি। কারও সঙ্গে আমার তেমন কোনো বিরোধ নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। বিষ প্রয়োগে আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ভাঙ্গা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪