চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার পাচার বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব মালিককে ১০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে গোপাল মেডিকেল হল মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে মল্লিক ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/মিতু