| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৮:১৪:২১:অপরাহ্ন  |  ৬০৭ বার পঠিত
তিন কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

মেহেরপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি; চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান; মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সজ্জাদ এবং মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৯ জন আসামিসহ ৩৪ কোটি ২০ লাখ ৪১ হাজার ৫৩৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮ দশমিক ৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ১ দশমিক ৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট (ভায়াগ্রা, সেনেগ্রা ও ট্যাপেন্টাডল) এবং ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪