বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতিয়া রাজাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও তার প্রতিবেশী মোঃ সোবহান হাওলাদার (৬০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এমনকি উক্ত জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় টিনশেড বসতবাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি (নং-৩, তারিখ-০৫ মে ২০২৬) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় রুজু করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে বাগেরহাটের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী বলেন, ঘটনাটি সম্পূর্ণভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের কেউ আইনের বাইরে থাকবে না—ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তারা স্পষ্ট করে বলেছে, এটি সম্পূর্ণভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ঘটনা। এ বিষয়ে গুজব বা বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স/এসএন