| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ সদরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২০:০৮:০০:অপরাহ্ন  |  ৬১৩ বার পঠিত
ঝিনাইদহ সদরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ছয় উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এখন আরও  জোরালোভাবে সামনে এসেছে ঝিনাইদহ সদর উপজেলায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। জেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলের বিভিন্ন ব্যক্তি এবং সচেতন নাগরিকরা বলছেন, এটি এখন আর শুধু উন্নয়নের দাবি নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারের প্রশ্ন।

ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ জীবিকা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে জেলা শহরে অবস্থান করেন। অনেকেই দিনের বড় একটি সময়, কেউ কেউ রাতদিনও সদর এলাকাতেই কাটান। কিন্তু এই অবস্থায় হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনার শিকার হলে দ্রুত ও উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ঝিনাইদহ শহরে বর্তমানে যে হাসপাতাল ব্যবস্থা রয়েছে, তা সাধারণ চিকিৎসা সেবার জন্য কার্যকর হলেও জটিল রোগ, বড় ধরনের দুর্ঘটনা বা জরুরি অস্ত্রোপচারের মতো পরিস্থিতি সামাল দেওয়ার মতো পূর্ণাঙ্গ সক্ষমতা এখনো গড়ে ওঠেনি। ফলে রোগীকে বাধ্য হয়ে যশোর, খুলনা কিংবা ঢাকাসহ দূরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নিতে হয়। এতে মূল্যবান সময় নষ্ট হয়, যা অনেক ক্ষেত্রেই রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলে।

সচেতন মহলের মতে, ঝিনাইদহ সদর উপজেলায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা গেলে শুধু সদর নয়, জেলার ছয় উপজেলার মানুষই দ্রুত বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ঝিনাইদহের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রতিদিনের মানুষের চলাচলের বাস্তবতা বিবেচনায় সদর উপজেলার নিকটবর্তী স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

তাদের ভাষায়, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। আবেগ নয়, বাস্তবতার নিরিখেই এখন ঝিনাইদহে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়নে উদ্যোগী হবে।                                                        

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪