নারায়ণগঞ্জ প্রতিনিধি: হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জে পুরোনো সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, শিগগিরই জেলার পাঁচ থানার ওলামাদের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।
বুধবার (৬ মে) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় মহানগর উলামা পরিষদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বর এবং ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি ও নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে বিতর্কিত ও বেয়াদব আচরণকারীদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে। তিনি বলেন, যারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বাইরে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মজবুত কমিটি গড়তে চাই।
তিনি আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জে হেফাজতের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা হবে এবং সাংগঠনিক কার্যক্রম আগের মতো সক্রিয় করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মামুন ফেরদৌস। এতে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ, উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মহানগর সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ ও অর্থ সম্পাদক মুফতি আব্দুল গনীসহ অন্যান্য নেতারা।
রিপোর্টার্স২৪/বাবি