| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০২:২০:৫৬:পূর্বাহ্ন  |  ৩০০ বার পঠিত
প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে নরসিংদীতে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ মে) জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মো. কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করা হতো। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হতো।

অভিযানে ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে স্মৃতির বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ফয়সালের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

ডিবির পরিদর্শক এরশাদ উল্লাহ বলেন, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক হানি ট্র্যাপের শিকার হলে বিষয়টি তদন্তে আসে। পরে অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪