বিনোদন ডেস্ক: অভিনয় ও চিত্রকর্ম দুই অঙ্গনেই নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এবার আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমী ‘কাক প্রীতি’ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ট্রল ও সমালোচনা হলেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আশনা হাবিব ভাবনা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি কাকের প্রতি তার ভালোবাসার কথাও তুলে ধরেন। সেখানে নিজের অভিনীত সিনেমা পায়ল নিয়ে হাজির হয়েছিলেন তিনি।
বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে লাল গালিচায় দেশীয় বেনারসি পরেছিলেন ভাবনা। তবে পোশাকের পাশাপাশি আলোচনায় উঠে আসে তার কাক নিয়ে আবেগঘন মন্তব্য।
ভাবনা বলেন, ভালোবাসার উৎপত্তি আসলে বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। পুরান ঢাকায় বড় হয়েছি, সেখানে প্রথম যে পাখিটি দেখেছি সেটি ছিল কাক। আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই পড়ে গেছি।
কাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার বিষয়ে তিনি বলেন, কাককে ঘিরে তিনি ছবি আঁকেন এবং বিদেশের মাটিতেও এই ভালোবাসার প্রতিনিধিত্ব করেছেন। তার ভাষায়, আপনারা যে ‘কাক কাক’ করেন, আমি চাই আপনারা বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।
এ সময় সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আমি প্রতিশোধে বিশ্বাস করি না। সবকিছু সৃষ্টিকর্তা ও প্রকৃতির ওপর ছেড়ে দিই। আমি বিশ্বাস করি, প্রকৃতিই আমার হয়ে লড়বে।
মস্কো চলচ্চিত্র উৎসবে সবুজ বেনারসি গাউন পরার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, বিদেশের মাটিতে আমি শুধু ভাবনা নই, আমি হয়ে উঠি বাংলাদেশ। সবুজ বেনারসির মাধ্যমে আমি বাংলাদেশের পতাকাকেই তুলে ধরতে চেয়েছি।
রিপোর্টার্স২৪/ঝুম