নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
তিনি বলেন, “যারা আমাদের এবং হেফাজতের সঙ্গে ধৃষ্টতা ও বেয়াদবি করেছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে আমরা একটি সুন্দর ও মজবুত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জে হেফাজতের কমিটি আগের অবস্থায় ফিরে আসবে, ইনশাআল্লাহ।”
বুধবার (৬ মে) বিকেলে শহরের ডিআইটি মসজিদ-এর দ্বিতীয় তলায় শাপলা চত্বরে নিহতদের বিচারের দাবিতে মহানগর উলামা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেরদৌসকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমি এই সিদ্ধান্তে অনড় যে, বেয়াদব কাউকে নিয়ে কোনো দিন কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ওইদিন পাঁচ থানার সব ওলামায়ে কেরামকে উপস্থিত থাকতে বলা হবে। তাদের মতামতের ভিত্তিতে নতুন করে হেফাজতের কমিটি গঠন করা হবে। নারায়ণগঞ্জে সংগঠনকে আবারও উজ্জীবিত করা হবে, ইনশাআল্লাহ।”
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাসহ ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে নিহতদের বিচারের দাবি এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মামুন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মহানগর সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মহানগর সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আব্দুল গনীসহ অন্যান্য নেতারা।
রিপোর্টার্স/এসএন