চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে মাদ্রাসার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে জানালার রেলিংয়ে আটকে যাওয়া মো. ওমর ফারুক(১০) নামে এক ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৬ মে) দুপুরে মতলব পৌর এলাকার মারকাযুত আল ইসলামিয়া মাদ্রাসা ভবনের তিনতলা থেকে তাকে উদ্ধার করা হয়।
মো. ওমর ফারুক মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের মজিবুর রহমান প্রধানের ছেলে। তিনি মাদ্রাসায় নূরানী বিভাগের ২য় শেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র মো. ওমর ফারুক মাদ্রাসার তিনতলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে জানালার রেলিং এ আটকা পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর একটার দিকে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে নামিয়ে আনেন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নিচে নামিয়ে আনেন।
মাদ্রাসা ছাত্র মো. ওমর ফারুকের মা ফারহানা আক্তার বলেন, মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমান আমাকে বিকেল সাড়ে পাঁচটার দিকে জানাইছে। এখন বাচ্চা মাদ্রাসায়ই আছে।
মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমান বলেন, যথারীতি মাদ্রাসা সব বাচ্চারা ঘুমিয়ে পরলে ওমর ফারুক না ঘুমিয়ে পালিয়ে যেতে চাইছে। স্থানীয়রা দেখে আমাকে জানায়, তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ১টি ইউনিট ১৫ মিনিট কাজ করে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হই।
ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব দক্ষিণের দমকলকর্মীরা উদ্ধার করছে মাদ্রাসা ছাত্র মো. ওমর ফারুককে।
রিপোর্টার্স/এসএন