রিপোর্টার্স ডেস্ক: গাইবান্ধায় কিস্তির টাকার জন্য লাঠি দিয়ে ঋণগ্রহীতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও ব্র্যাকের এক মাঠ সংগঠকের (মাঠকর্মী) বিরুদ্ধে। আহত গ্রাহক বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বুধবার (৬ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে নিকটস্থ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত ঋণগ্রহীতার নাম লাকী বেগম। তিনি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।
অভিযুক্ত এনজিও কর্মীর নাম সালমা বেগম। তিনি ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাকী বেগম। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কিছু টাকা পাওনা রয়েছে এনজিওটির।
বুধবার বেলা ১১টার দিকে লাকী বেগম ধাপেরহাট ব্র্যাক অফিসের সামনে গেলে পাওনা টাকা নিয়ে মাঠকর্মী সালমার সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে পাশে পড়ে থাকা লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করেন সালমা। এতে লাকীর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া জানান, গৃহীত ঋণের প্রায় সব টাকাই পরিশোধ হয়েছে, মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। সেই সামান্য টাকার জন্য মাঠকর্মী সালমা তার স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাঠ সংগঠক সালমা বেগম জানান, ঋণগ্রহীতা লাকী বেগমের কাছে দীর্ঘ দেড় বছর ধরে তিন হাজার টাকা পাওনা রয়েছে। তিনি টাকা দিচ্ছি-দেব বলে টালবাহানা করে আসছিলেন। আজ সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে লাকী ও তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আত্মরক্ষার্থে পাশে পড়ে থাকা লাঠি দিয়ে আঘাত করলে লাকী বেগম আহত হন।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) মোশাররফ হোসেন বলেন, ওই সদস্য ২০২৪ সালে ঋণ নিয়েছিলেন, কিন্তু তিন হাজার টাকা পরিশোধ করেননি। বকেয়া টাকা নিয়ে উভয় পক্ষের বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যা মোটেও কাম্য নয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুপদ হালদার জানান, এই ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু