রিপোর্টার্স ডেস্ক: বরিশালের উজিরপুরে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার মুহাম্মদ গোলাম মোর্শেদ জিলানীর ছেলে। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ছয়তলায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৮ সূত্র জানায়, নিহত আনিতার সঙ্গে হিমুর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা বগুড়া রোডের অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত পাশের গলিতে হিমুর ভাড়া বাসায় রয়েছেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা খাটের ওপর আনিতার মরদেহ দেখতে পান।
ঘটনার পর নিহতের বোন বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে ছিলেন।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে হিমুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু