লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রাঘাতে লিমা আক্তার (১৭) নামের এক হাফেজে কুরআন তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন নামক এলাকার আব্দুর রব হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। লিমা ওই এলাকার মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আকস্মিক বৃষ্টিরসঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় লিমা বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত স্থানীয় ফজুমিয়ারহাটের একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত তিন মাস আগে লিমার মা মারা যান। এখন বজ্রাঘাতে মেয়ের মৃত্যু হলো।
স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপেল মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। মায়ের মৃত্যুর তিন মাস পর এখন মেয়ের মৃত্যু হলো। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/মিতু