| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না: ধর্মমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৮:৪৪:০১:অপরাহ্ন  |  ৪০২ বার পঠিত
ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না: ধর্মমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওয়াকফ সম্পত্তির আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি দান করেছেন, সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করা হবে।”

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৬ লাখ ১৪ হাজার ৫১৭ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে ওয়াকফে আওলাদ শ্রেণির সম্পত্তি প্রায় ২ লাখ ১২ হাজার ৯৯ একর এবং ওয়াকফে লিল্লাহ শ্রেণির সম্পত্তি প্রায় ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় অনেক সম্পত্তির প্রকৃত আয় আদায় হয়নি। সরকার এখন চায় ওয়াকিফরা যে উদ্দেশ্যে মসজিদ, মাদরাসা, এতিমখানা বা জনকল্যাণমূলক কাজে সম্পত্তি দান করেছেন, সেই লক্ষ্য যেন বাস্তবায়িত হয়।

ওয়াকফ সম্পত্তির ভাড়া বৈষম্যের উদাহরণ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, রাজধানীর গাউসিয়া মার্কেট একটি ওয়াকফ স্টেট, যেখানে ২২ দশমিক ৪০ বর্গফুটের ৫৮৮টি দোকানের মাসিক ভাড়া এখনো ১১২ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ১১৮ টাকার মধ্যে সীমাবদ্ধ।

তিনি আরও বলেন, চকবাজার মসজিদ ওয়াকফে লিল্লাহর অধীন একটি দোকানের ভাড়া আগে ছিল ৩৫ হাজার টাকা। পরে ২০২৫ সালে দোকানটি নতুনভাবে ভাড়া দিলে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫২ হাজার টাকায়।

ধর্মমন্ত্রী বলেন, “এতে স্পষ্ট বোঝা যায়, বহু ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে প্রকৃত বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম ভাড়ায় ব্যবহৃত হয়েছে।”

তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এখন ওয়াকফ সম্পত্তির ভাড়া বাজারদরের সঙ্গে সমন্বয় করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

মন্ত্রী আরও বলেন, প্রশাসকদের ইতোমধ্যে ভাড়া পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে আগামী তিন মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪