| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ছিলেন রাফি

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার, দেনার চাপে আত্মহত্যার দাবি পরিবারের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ২২:০১:৫৬:অপরাহ্ন  |  ৪১২ বার পঠিত
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার, দেনার চাপে আত্মহত্যার দাবি পরিবারের

 ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকা ফেরত না পাওয়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত আল আমিন রাফি মৃত আলাউদ্দিন ও জাহেরা খাতুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে কয়েকজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ নামে প্রতিষ্ঠানটি পরিচালনা শুরু করেন।

পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, রাফি তাঁর এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। এরপর থেকে প্রায়ই ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চাইতেন। তবে কত টাকা ধার দিয়েছিলেন, তা তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, রাফির সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি মূলত দেনার চাপে ছিলেন।

নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তাঁর ভাই। ওই টাকা দিয়ে নাঈমকে গ্রিসে যেতে সহায়তা করেন রাফি। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। গত ২৬ নভেম্বর রাতে পাওনা টাকা ফেরত চেয়ে নাঈমকে ফোন করেছিলেন রাফি। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি পরিবারের।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪