নরসিংদী প্রতিনিধি : বিদেশ ফেরত নারীদের পুনরেকত্রীকরণ ও নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নরসিংদীতে নারী অভিবাসী ফোরাম-এর ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ছফুরা বেগম।
সভায় নরসিংদীতে নারীদের গ্রুপভিত্তিক কী ধরনের ব্যবসা গড়ে তোলা যেতে পারে, জব প্লেসমেন্টে কী ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব, কোন কোন খাতে নারীদের সম্পৃক্ত করা যেতে পারে, বিভিন্ন ব্যবসায় নারীরা কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন এবং সেসব প্রতিবন্ধকতা উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় সহযোগিতা করেন BRAC Migration Programme-এর জেন্ডার অ্যান্ড জাস্টিস বিভাগের প্রতিনিধি হাফিজুর রহমান।
সভাটি পরিচালনা করেন নাহিন রহমান। এ সময় নরসিংদী সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ সৌরভ মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
রিপোর্টার্স/এসএন